শুক্রবার (০৩ অক্টোবর) মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য কালে জেলা মৎস্য অফিসার মো. সাইফুর রহমান বলেন- ‘ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন,থানা পুলিশ, নৌ পুলিশ, কোস্ট গার্ড, সংশ্লিষ্ট অন্যান্য বাহিনী ২৪ ঘণ্টাই নদীতে টহলে থাকবে।
আইন ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। মা ইলিশ রক্ষায় আমরা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করব। সব বাহিনী প্রস্তুত রয়েছে এবং নিরবচ্ছিন্ন অভিযান চলবে।’

ইলিশের প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ সফল করতে উপজেলার বৈন্যা বাজারে জনসচেতনতামূলক সভায় এসব কথা বলেন। আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যমুনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞার সময়কালে মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অভিযানের সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা, কারাদণ্ড ও জাল পোড়ানোর মতো ব্যবস্থা নেওয়া হবে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী।