গরুতে ধান খাওয়াকে কেন্দ্র করে খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী গ্রামে প্রতিপক্ষের হামলায় রেখা রানী মন্ডল (৪২) নামক এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুরারি হালদার জানান, ক্ষেতে গরু ঢুকে ধান খাওয়াকে কেন্দ্র করে রেখা রানী মন্ডলের সঙ্গে প্রতিপক্ষ মিলন গোলদারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেখার নাকে মুখে এলোপাতাড়ি কিল- ঘুষি মারতে থাকে মিলন। এতে রেখা অচেতন হয়ে পড়ে। তার নাক দিয়ে রক্ত ক্ষরণ হতে থাকে।
খবর পেয়ে রেখার স্বামী বিষ্ণুপদ মন্ডল সেখানে গিয়ে দেখতে পান ঘটনাস্থলেই তাঁর স্ত্রীর মৃত্যু ঘটেছে। এসময় বিষ্ণু প্রতিবাদ করলে মিলন গোলদার তাকেও বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত মিলন ও তার সহযোগীরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
#