সাতক্ষীরার তালা উপজেলার শাকদহ এলাকায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার শাকদা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এদিন সকালে আনন্দ দাস শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৬২) তাঁকে ধাক্কা দেয়। এতে পাশে বিলের পানিতে ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। ঘটনার পরপরই পরিবহনের চালক ও হেলপার পালিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তার পাশে কাত হয়ে রয়েছে। খবর পেয়ে খর্নিয়া হাইওয়ে থানায় জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে আইনানুগ ব্যবস্থা নেবে।