
রোববার সকালে ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া, ভুল্লী উপজেলা) আসনের উপনির্বাচনের বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং আসন পরিচালক ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলমগীরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীল ও তদারককারীগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম গণসংযোগ (পুরুষ ও মহিলা), প্রচার-প্রচারণাসহ সার্বিক নির্বাচনী কার্যক্রম পর্যালোচনা করেন। বৈঠকে ক্ষমতাসীন দল কর্তৃক বিভিন্ন স্থানে বাধা, হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদান করাসহ সর্বোপরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের নিন্দা জ্ঞাপন করেন। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে প্রশাসনের দৃঢ় ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি।
মাওলানা আবদুল হালিম আগামী ২৬ অক্টোবর ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য প্রধান নির্বাচনী সভার সফল বাস্তবায়নে উপস্থিত দায়িত্বশীলগণকে ব্যাপক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি থাকবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
ইউনিয়নে ইউনিয়নে গণসংযোগ ও দায়িত্বশীল সভা
ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী দেলাওয়ার হোসেনের নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সহকারী জেনারেল মাওলাানা আবদুল হালিম সদর উপজেলার গড়েয়া, ভুল্লী উপজেলার আউলিয়াপুর, বালিয়া ও দেবীপুর এবং রুহিয়া উপজেলার কয়েকটি ইউনিয়নের নির্বাচনী অফিস পরিদর্শন ও দায়িত্বশীলদের নিয়ে বৈঠক করে নির্বাচনী কার্যক্রমকে জোরদার করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।