শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য সাচিং প্রু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা। এ সময় বান্দরবানের পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানই সাম্প্রদায়িক সম্প্রীতির মূল ভিত্তি। শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের জন্য জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।তিনি আরও বলেন, পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করবে।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর অনুকূলে এ অনুদানের চেক বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজা উদ্যাপনে সংশ্লিষ্ট পূজা উদ্যাপন কমিটিগুলো প্রয়োজনীয় সহযোগিতা পাবে বলে আশা করা হচ্ছে।
বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে উদ্যাপনের গুরুত্বও এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।