মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহধর্মিণী আলেমা খাতুন ভাসানীর জীবন ও কর্ম নিয়ে ‘আলেমা খাতুন ভাসানী’ শিরোনামে একটি জীবনীগ্রন্থ রচনা করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী শেখ সায়মন পারভেজ হিমেল। রোদেলা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে মাওলানা ভাসানী ফাউন্ডেশন।
শনিবার (১০ অক্টোবর) টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর দরবার হলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বইটির লেখক শেখ সায়মন পারভেজ হিমেল মনে করেন, আলেমা খাতুন ভাসানীর জীবন ও অবদান বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলে নতুন প্রজন্ম তাঁর জীবন, কর্ম ও অবদান সম্পর্কে জানার সুযোগ পাবে।
এ লক্ষ্যে লেখক সরকারের কাছে আলেমা খাতুন ভাসানীর জীবনী স্কুল ও কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি মাওলানা ভাসানীর জীবন, দর্শন, রাজনৈতিক চিন্তা ও অবদান নিয়ে গবেষণার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
লেখক বলেন, মাওলানা ভাসানীকে নিয়ে তথ্যভিত্তিক গবেষণা, ঐতিহাসিক দলিল সংগ্রহ এবং তাঁর রাজনৈতিক ও সামাজিক দর্শন সংরক্ষণে সরকারি সহযোগিতা প্রয়োজন। এসব উদ্যোগের মাধ্যমে দেশের ইতিহাস ও রাজনৈতিক চিন্তাধারার গুরুত্বপূর্ণ অধ্যায় সংরক্ষণ করা সম্ভব হবে।
শেখ সায়মন পারভেজ হিমেলের দাবি, বাংলাদেশের ইতিহাসে আলেমা খাতুন ভাসানীকে নিয়ে এককভাবে রচিত এটিই প্রথম জীবনীগ্রন্থ।