পার্বত্য জেলার বান্দরবানের লামার সরই ইউনিয়নের কেয়াজু পাড়া এলাকায় ইয়াবাসহ মো.বেলাল (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাতে সরই আমতলি এলাকাবাসি ইয়াবাসহ মো.বেলাল (১৫)কে আটক করলে খবর পেয়ে ফাঁড়ির পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে,তার সাথে থাকা আরো দুজন পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
এদিকে স্থানীয় বাসিন্দারা চরম উদ্বেগ প্রকাশ করে জানান, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোতে মাদকদ্রব্যের বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে শিশু-কিশোররা ক্রমেই এই মারাত্মক নেশার চক্রে জড়িয়ে পড়ছে, যা সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা অনতিবিলম্বে এলাকা থেকে মাদকের মূল উপড়ে ফেলতে পুলিশি টহল ও জোরদার অভিযান পরিচালনার জোর দাবি জানান। একই সাথে কিশোর ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে জড়িত মূল কারাবারিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান এলাকাবাসী। আটককৃত কিশোর মো.বেলাল লামা উপজেলার ৫ নম্বর সরই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জটকি বৈন্যা পাড়ার মো. ইলিয়াসের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহরিয়ার কবির প্রতিবেদক’কে জানান, ২০ পিস ইয়াবাসহ মো.বেলাল নামে এক কিশোরকে আটক করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একাধিকবার মাদক নিয়ে আটকের পর রফাদফা করে ছেড়ে দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করে বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় নেই আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।