জনতার দুয়ারে এমপি গোলাম রছুল গণশুনানি, মতবিনিময়, নদীভাঙন পরিদর্শন ও সিংগাড়ী হাসপাতালের উন্নয়নে উদ্যোগের আশ্বাস।
যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে আজ ( ২৭ জুলাই ) দিনব্যাপী গণসংযোগ, জনসমস্যা পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচি পালন করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা আমীর মো. গোলাম রছুল।
প্রথমে তিনি ভাটপাড়া বাজার পরিদর্শন করেন। বাজার পরিদর্শনের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যা, প্রয়োজন ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন।
এলাকাবাসী বিভিন্ন নাগরিক সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তাঁর সামনে তুলে ধরলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। পাশাপাশি পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনায় বিষয়গুলো কার্যতালিকায় লিপিবদ্ধ করেন, যাতে পর্যায়ক্রমে সেগুলোর বাস্তবসম্মত সমাধানে উদ্যোগ নেওয়া যায়।এরপর তিনি পোতপাড়া, ভুগিলহাট এলাকায় সর্বসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় স্থানীয় জনগণ বিদ্যালয়ের ভবন নির্মাণ ও সংস্কার, শিক্ষক স্বল্পতা, জরাজীর্ণ সড়ক, মাদক প্রতিরোধ এবং মসজিদ ও মন্দিরের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তাঁর সামনে উপস্থাপন করেন।সংসদ সদস্য মো. গোলাম রছুল প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শুনে তা লিপিবদ্ধ করেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি স্থানীয় জামায়াতের দায়িত্বশীলদের জনগণের অন্যান্য সমস্যা ও প্রয়োজন নিয়মিতভাবে জানাতে নির্দেশনা দেন, যাতে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব হয়।পরে তিনি পাইকপাড়া এলাকা সংলগ্ন ভৈরব নদের ভাঙনকবলিত অংশ পরিদর্শন করেন।

এসময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ভাঙন সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে কাজ করা হবে।এদিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি সিংগাড়ী ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু স্বাস্থ্য হাসপাতালও পরিদর্শন করেন। ভৈরব নদের এপার অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল হিসেবে হাসপাতালটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং কীভাবে এটিকে আরও জনবান্ধব, কার্যকর ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।
এসময় উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর সরদার মো. শরিফ হোসেন, উপজেলা সেক্রেটারি মহিউল ইসলাম, আইবিডব্লিউএফ-এর যশোর জেলা সভাপতি মতিয়ার রহমান, অভয়নগর উপজেলা যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা, বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোজাফফর আহমেদ, বাঘুটিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি রায়হান হোসেন রাতুলসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এই কর্মসূচিতে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়, সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে লিপিবদ্ধ করা, নদীভাঙন ও স্বাস্থ্যসেবা পরিদর্শন এবং উন্নয়নমূলক পদক্ষেপের আশ্বাস স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।