এনটিভির সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি ও ‘বাংলা এক্সপ্রেস’-এর নির্বাহী সম্পাদক মামুনুর রশীদ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাব।
রোববার (২৬ জুলাই) প্রেসক্লাবের হল রুমে বর্ণাঢ্য অনুষ্ঠানে মাধ্যমে ফরিদপুরের আলফাডাঙ্গার কৃতি সন্তান মামুনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন সাংবাদিকতা করে আন্তর্জাতিক পরিমণ্ডলে লদেশ ও এলাকার সুনাম বৃদ্ধি করেছেন মামুনুর রশীদ। প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা ও সাফল্য তুলে ধরতে তাঁর ভূমিকা প্রশংসনীয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকার তাঁকে সম্মানজনক ‘গোল্ডেন ভিসা’ প্রদান করেছে, যা তাঁর পেশাগত সাফল্য ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার অনন্য প্রমান। সম্প্রতি বাংলাদেশ প্রেসক্লাব ইউএই-এর সভাপতি পদে তাঁর পুনর্নির্বাচন প্রমাণ করে, মেধা ও নেতৃত্বের গুণে প্রবাসী সাংবাদিকরা বিদেশের মাটিতেও নিজস্ব অবস্থান সুদৃঢ় করতে সক্ষম।

সংবর্ধনার জবাবে মামুনুর রশীদ আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “জন্মভূমির মানুষের ভালোবাসা ও সম্মান একজন মানুষের জীবনে সবচেয়ে বড় অর্জন। আলফাডাঙ্গা প্রেসক্লাবের এই সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”
আলফাডাঙ্গা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, যারা কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করে আলফাডাঙ্গা তথা ফরিদপুর জেলার সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দিচ্ছেন, তাঁদের সম্মানিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও জেলার কৃতি সন্তানদের মূল্যায়নে প্রেসক্লাবের এমন সামাজিক ও গুণীজন সংবর্ধনা কার্যক্রম অব্যাহত থাকবে।