July 25, 2026, 7:34 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু

মো. মনির হাসান, দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

যমুনা নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়ক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। এ সময় তিনি বলেছেন, আগের সরকারের আমলে বেড়িবাঁধ নির্মাণে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হবে। পাশাপাশি পরিকল্পিত ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গোপালপুর উপজেলার নলীন বাজার সংলগ্ন শাখারিয়া এলাকায় যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, “বিগত সরকারের সময়ে বেড়িবাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসব ঘটনার তদন্ত হবে। জনগণের স্বার্থে এবার পরিকল্পিতভাবে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে। ইনশাআল্লাহ, আমরা সফল হব।”

তিনি জানান, সড়কের ভাঙন রোধে ইতোমধ্যে প্রায় ২৫ হাজারের বেশি জিও ব্যাগ এবং বড় আকারের টিউব জিও ব্যাগ ফেলা হয়েছে। এর ফলে আপাতত নদীভাঙন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ভূঞাপুর থেকে টাঙ্গাইল হয়ে মানিকগঞ্জ পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় একটি স্থায়ী প্রতিরক্ষা বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনতে খাল ও নদী খনন কর্মসূচিও বাস্তবায়ন করা হবে। নদীর নাব্যতা ও স্বাভাবিক গতিপথ বজায় থাকলে ভাঙনের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তিনি বলেন, নদীভাঙন রোধে সরকার স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ করেছে। মানুষের জানমাল, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন, ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসান, গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, ভূঞাপুর থানার ওসি এ. কে. এম. রেজাউল করিম, গোপালপুর থানার ওসি রুহুল আমিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় যমুনা নদীর তীব্র স্রোতে ভাঙনের কারণে ঢাকা-টাঙ্গাইল-ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। এতে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে ভাঙনরোধের কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ