ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, প্রশাসনিক বিষয়াদি এবং চলমান শিক্ষা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জামান এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সাল আহমেদ।
এছাড়াও উপজেলার ১৩২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সভায় অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং বিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা, করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়। অংশগ্রহণকারী প্রধান শিক্ষকরা শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর ও শিক্ষাবান্ধব করতে পারস্পরিক সমন্বয় এবং সহযোগিতার ওপর গুরুত্ব দেন।