July 25, 2026, 4:58 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

পবিপ্রবির ১০ম উপাচার্য হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান

মেহেরুন্নেছা লাবনী, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১০ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সংবর্ধনার মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

দায়িত্ব গ্রহণের পর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নবনিযুক্ত উপাচার্য। এ সময় বিএনসিসি ও বিশ্ববিদ্যালয় আনসার সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে সকাল সাড়ে ১১টায় টিএসসি সম্মেলন কক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবি শিক্ষক সমিতির (ইউট্যাব) সভাপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মামুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. এ.বি.এম. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “মহান আল্লাহর অশেষ রহমতে আমি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি।”

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষকদের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব নয়। সবাইকে একসঙ্গে কাজ করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিশ্চিত করতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমার স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা রয়েছে। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কর্মসংস্থানমুখী করে গড়ে তোলা, তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং একটি আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। আমি চাই, এই বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চার আদর্শ বিদ্যাপীঠে পরিণত হোক।”

তিনি আরও বলেন, “সবার সহযোগিতায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের লক্ষ্য এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করা।”

উপাচার্য জানান, অতীতে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠন করা হবে। পরে জোহরের নামাজের পর প্রশাসনিক ভবনের সামনে একটি ফলদ ও একটি বনজ বৃক্ষের চারা রোপণ করেন তিনি।

উল্লেখ্য, সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানকে পবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ