সাবেক সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে বাঘাইছড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাঘাইছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) আছরের নামাজ শেষে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এফ ব্লক বাইতুল নূর জামে মসজিদে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী। আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুস সামাদ, পৌর শ্রমিক দলের সভাপতি মো. ইউসুফ আলীসহ যুবদল, শ্রমিক দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এফ ব্লক বাইতুল নূর জামে মসজিদের খতিব মাওলানা নূর ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে আয়োজকরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও আদর্শকে ধারণ করে তারা আগামীতেও গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।