চাঁদপুর শহরের যানজট নিরেশনে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমেদ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।
এরই মধ্যে সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়েজ আহমেদের তদারকিতে চাঁদপুর পালের বাজার ব্রীজের গোড়া থেকে কুমিল্লা সড়ক, কালীবাড়ি, হকার্স মার্কেট ও আশেপাশের সড়কে থাকা ভ্রাম্যমান হকার উচ্ছেদ করে পথচারীদের নির্বিঘ্ন যাতায়াতের ব্যবস্থা করা হয়।
ফলে সড়কে আগের চেয়ে অনেকাংশে যানজট কমে এসেছে। ওসি ফয়েজ আহমেদের এই উদ্যোগকে বেশ প্রশংসা করেছেন পথচারীরা।
উল্লেখ্য, চাঁদপুর ট্রাফিক বিভাগের নবাগত ইন্সপেক্টর প্রবীর কুমার দাস যোগদানের পরপরই হুশিয়ারী উচ্চারণ করে জানিয়েছিলেন, চাঁদপুর শহরে কোন হকার থাকবে না। যানজট নিরসনে তিনি চাঁদপুর শহরকে হকারমুক্ত করবেন। কিন্তু তার এই হুংকার ঘোষনাতেই সীমাবদ্ধ ছিলো বলে সাধারণ মানুষ দাবি করেন। অনেকেই আমাদেরকে জানিয়েছেন, চাঁদপুরের নবাগত ট্রাফিক ইন্সপেক্টরের হকারমুক্ত করার ঘোষনায় তারা আশাবাদী ছিলেন। কিন্তু বাস্তবে শহরবাসী সেই পদক্ষেপ দেখেননি। তাই সদর মডেল থানার ওসির যানজট নিরসনে এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি মো: ফয়েজ আহমেদ বলেন, চাঁদপুরে আসার পরে আমি দেখলাম সড়কে সবসময় যানজট লেগেই থাকে। বিশেষ করে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থান যেমন পালের বাজার ব্রীজের গোড়া, পৌরসভার সামনে কুমিল্লা রোড, কালিবাড়ি, হকার্স মার্কেটের সামনের ও আশেপাশের সড়কগুলোতে সবসময় হকারদের ভ্রাম্যমান ভ্যানগাড়ি নিয়ে মূল সড়কে অবস্থানের কারণেই যানজট বেশি সৃষ্টি হচ্ছে। চাঁদপুরের মূল শহর যেহেতু খুব ছোট তাই যানজট নিরসনে হকারদেরকে অধিকতর ব্যস্ততম জায়গুলো অর্থাৎ মূল সড়ক থেকে সরানোর চেষ্টা করছি। আমাদের এই তদারকি নিয়মিত চলবে বলেও তিনি জানান।