টেকনাফ ও ঈদগাঁও থানায় দায়িত্ব পালনকালে মানব পাচার, অপহরণ ও মাদকবিরোধী অভিযানে সাফল্য অর্জন করা সাব-ইন্সপেক্টর (এসআই) বদিউল আলমকে সম্প্রতি কিছু গণমাধ্যমে অভিযোগের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশ করা হয়েছে।
সূত্রের দাবি, এসব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, এবং একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার পেশাগত মর্যাদা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, টেকনাফে দায়িত্বকালীন সময়ে এসআই বদিউল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে মানব পাচারের শিকার ও অপহৃত ব্যক্তিদের উদ্ধার, মানব পাচারকারী ও অপহরণকারীদের গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র জব্দ করা হয়েছে। অভিযানের কারণে ক্ষতিগ্রস্ত অপরাধী চক্র তাকে লক্ষ্য করে প্রতিহিংসামূলক উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাত মাজদার জানান, অভিযোগগুলো যাচাই করা হচ্ছে, এবং এ ধরনের অভিযোগে প্রমাণ ছাড়া কাউকে দায়ী করা হবে না।
সচেতন মহল মনে করছেন, চলমান অপরাধ দমন কার্যক্রমে সক্রিয় কর্মকর্তাকে অপপ্রচারের মাধ্যমে হেয় করা হলে স্থানীয় নিরাপত্তা ও জনসাধারণের স্বার্থে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।