আততায়ীর গুলিতে নিহত ঝালকাঠির কৃতি সন্তান শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ঝালকাঠি প্রেসক্লাবের উদ্যোগে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় বাদ মাগরিব প্রেসক্লাব মিলনায়তনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মিজানুর রহমান ও সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির।
ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আক্কাস সিকদারের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য দেন ইসমাইল মুসাফিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন সাহসী ও মানবিক মানুষ। তার নির্মম হত্যাকাণ্ডে ঝালকাঠিবাসী গভীরভাবে মর্মাহত। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শোকসভা শেষে শহীদ শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।