দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারনের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে দেশব্যাপি নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

উত্তরা আর্মি ক্যাম্প থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ০১ অক্টোবর ২০২৫ সুইচ গেট, আব্দুল্লাহপুর এলাকা হতে মোঃ লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়, তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল বলে মিথ্যা দাবি করেন। সন্দেহভাজন ব্যক্তি জালিয়াতিমূলক কর্মকান্ডে জড়িত বলে প্রমানিত হয়েছে এবং ভূয়া পরিচয় উপস্থাপন করে স্থানীয় বাজারে চাপ প্রয়োগ করেন। অভিযুক্ত ব্যক্তি স্থানীয়দের কাছ থেকে তাদের ব্যক্তিগত সমস্যা সমাধানের নামে অর্থ সংগ্রহ করতেন এবং উক্ত ভূয়া পরিচয় ব্যবহার করে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় দোকানদারদের কাছ থেকে অর্থ আদায় করতেন। উল্লেখ্য, উক্ত ব্যক্তি দীর্ঘ দিন যাবত কুয়েতে প্রবাস জীবনে মেকানিক হিসেবে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। উক্ত প্রাইভেট কোম্পানিতে চুক্তি ভিত্তিক ভাবে কুয়েত সশস্ত্র বাহিনীর সাথে রিপেয়ার এবং মেইনটেনেন্স এর কাজ করতেন। উল্লেখিত কাজের সুবাদে তাকে কুয়েত সশস্ত্র বাহিনী হতে পরিচয় পত্র প্রদান করা হয় যা তিনি বর্তমানে এলাকাবাসীর নিকট উপস্থাপন করে ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল এর পরিচয় প্রদান করেন। তাকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।