রাজবাড়ীতে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পৌর অঞ্চলে অবস্থিত দূর্গা মন্দিরের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে রাজবাড়ী জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান এ আয়োজন করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন, রাজবাড়ী জেলা বিএনপি’র আহবায়ক আইনজীবী লিয়াকত আলী বাবু, রাজবাড়ী ক্যান্সার সোসাইটির সভাপতি আইনজীবী দেভাহুতি চক্রবর্তী, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার কর, জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি আইনজীবী স্বপন কুমার সোম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, জেলা কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার, জেলা কৃষকদলের সদস্য সচিব সাবেক ভিপি এ কে এম সিরাজুল আলম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সভাপতি আব্দুল মালেক খান ও রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কখনো বৈষম্যের রাজনীতি করে না। আমাদের কাছে কোনো সংখ্যালঘু আর সংখ্যা গরিষ্ঠ বলতে কিছু নেই। আমাদের কাছে সবাই এক। তাই সনাতন ধর্মাবলম্বীদের এ উৎসব আমাদের সকলের জন্যই একটি উৎসব৷
তারা বলেন, আমাদের রাজবাড়ী শহর একটি অতি শান্তিপ্রিয় শহর। এ শহরে মানুষের মাঝে কোনো ভেদাভেদ নেই। এ শহরের মানুষ সবার উৎসবকে আপন করে নিয়ে উদযাপন করতে ভালোবাসে। আমরা আশা করছি আসন্ন দূর্গাপূজাসহ এ শহরের সকল উৎসবে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। সকলে মিলে একসাথে উদযাপন করবে এ উৎসব।
তারা আরও বলেন, ছাত্রদল সহ বিএনপি এবং তার অন্যান্য সকল সহযোগী সংগঠন সবসময় সোচ্চার রয়েছে এ জেলায় তথা দেশে যেনো কোনো ধর্মের উৎসবকে কেন্দ্র করে কখনো কোনো রকমের নাশকতামূলক পরিবেশের তৈরি না হয়। কেউ যদি এ ধরনের চেষ্টাও করে আমরা প্রস্তুত রয়েছি তাদের প্রতিহত করতে।
আলোচনা শেষে ছাত্রনেতা আরিফুল ইসলাম রোমান এবং তার প্রবাসী বন্ধুমহলের উদ্যোগে শহরের ২৬ টি দূর্গাপূজা উদযাপনকারী মন্দির কমিটির কর্মকর্তাদের হাতে উদযাপনে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।