আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো পূর্ণগঠনে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টেপড়া বাসস্ট্যান্ডে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যৈষ্ঠ পুত্র মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহবায়ক কমিটি সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন- আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না। স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনার একটি দলিল। এখন পর্যন্ত যারা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নানা কথা বলছেন, বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন, তাদের কোনো ভাবনাই ৩১ দফা রূপরেখার বাইরে নয়।এই রূপরেখা ঘোষণা জনগণের মাঝে ব্যাপকভাবে তুলে ধরতে হবে।
আমি রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে মানিকগঞ্জ-১ আসনের ৩টি উপজেলার মতবিনিময় ও প্রচারাভিযান চালাচ্ছি। মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে আমাদের এ প্রচার কর্মসূচি চলবে। মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- শিবালয় উপজেলা বিএনপির সহসভাপতি কাজী আব্দুর রাজ্জাক।
এসময় আরও উপস্থিত ছিলেন- ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মাষ্টার, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য মো. লিটন মুহুরী, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সদস্য আবুল কালাম আজাদ, ঘিওর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিল্টু খান, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এইচ এম উজ্জ্বল হোসেন,ঘিওর উপজেলা কৃষক দলের সহসভাপতি মো. শহিদুল ইসলাম চান্দু প্রমুখ।