ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়ার মাদ্রাসার সহকারী শিক্ষক জুনায়েদের গাবগাছের লাঠির বেদম পিটুনিতে আহত শিশু শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি।
শনিবার দুপুরে তিনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত শিক্ষার্থী আবু বকর ও তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আবুল খায়ের রাসেলসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও রিফাত আরা মৌরি শিশুটির সঠিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেন এবং বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
উল্লেখ্য, রাজাপুর উপজেলার গালুয়া দারুল কুরআন নূরানী হাফেজী কওমী মাদ্রাসার সহকারী শিক্ষক জুনায়েদের বেদম প্রহারে শিশু শিক্ষার্থী আবু বকর গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জুনায়েদকে চাকুরি থেকে বহিষ্কার করলেও পুলিশ কোন মামলা নেয়নি বা অভিযুক্তকে আইনের আওতায় আনেনি।