“দৃষ্টি ফিরে পাওয়ার পথ–গ্রামীণ চক্ষুসেবার উদ্যোগ” স্লোগানে রাজবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া শাখা প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করে প্রতিষ্ঠানটি ।
জানা গেছে, ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালের তত্ত্বাবধায়নে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩শ রোগীকে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালের ৮ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এ সেবা প্রদান করেন। জেলার প্রায় ৩শ জন দরিদ্র ব্যক্তি এ সেবা গ্রহণ করেছেন বলেও জানান আয়োজকেরা।

ক্যাম্পে রোগীদের চোখের দৃষ্টি পরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ঔষধ ও চশমা বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। যেসব রোগীর ছানি বা অন্যান্য বড় ধরনের চক্ষু অপারেশন প্রয়োজন, তাদের ফরিদপুর কিংবা ঢাকায় নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলেও এসময় জানিয়েছেন আয়োজকেরা।
এসময় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স রাজবাড়ী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শিকদার নিশীত কুমার, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মোঃ জামির আলী, আঞ্চলিক ব্যবস্থাপক (হিসাব বিভাগ) মোঃ রফিকুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী প্রনব কুমার, মানব সম্পদ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, আঞ্চলিক সমন্বয়ক (লিড জেনারেশন) মোঃ জাহাঙ্গীর কবির, সাউথইস্ট ডিভিশনের ম্যানেজার (বিডিইউ) শেখ আছাবুর রহমান, রামদিয়া শাখার ব্যবস্থাপক (দাবী) মিলন সরকার, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) উৎপলা বিশ্বাসসহ বিভিন্ন কর্মকর্তারা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আঞ্চলিক ব্যবস্থাপক শিকদার নিশীত কুমার বলেন, “গ্রামীণ ও প্রান্তিক জনগণ চোখের চিকিৎসার বিষয়ে সচেতন নয়। এজন্য ব্র্যাক বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সারাদেশে বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে যাচ্ছে। প্রতিটি ক্যাম্পে অন্তত ৩শ রোগীকে সেবা প্রদান, চশমা বিতরণ এবং যাদের অপারেশন দরকার তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের লক্ষ্য হলো গ্রামীণ মানুষের মাঝে চক্ষু-সচেতনতা বৃদ্ধি ও দৃষ্টিশক্তি ফিরে পেতে সহায়তা করা।”