বাগেরহাটের মোল্লাহাটে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন ও তার পরিবারকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলার নুতন ঘোষগাতী গ্রামে এ ঘটনা ঘটে। হামলার সময় দেলোয়ার হোসেনের অন্তঃসত্ত্বা কন্যা বিথি খানম গুরুতর আহত হন। এছাড়া ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।
আহত বিথি খানম জানান, তার পিতা দেলোয়ার হোসেন ক্রয়সূত্রে দীর্ঘ ৪০ বছর ধরে তাদের বসতভিটা ভোগদখল করে আসছেন। প্রতিপক্ষের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ভেঙে পড়া একটি কচা গাছের পাশে নতুন গাছ লাগাতে গেলে প্রতিপক্ষ বাঁধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয় এবং নাজু ফকিরের হাতে সামান্য কেটে যায়। এ ঘটনা ঘিরে নাজু ফকির, জিয়ার ফকির, জাহিদ ফকির, ইসারত ফকির, নুরু ফকির ও নুর আলমসহ কয়েকজন লাঠিসোটা নিয়ে তাদের ঘরে হামলা চালায়। তারা বিথি খানম, তার মা সালমা সুলতানা এবং দেলোয়ার হোসেনকে বেধড়ক মারধর করে। ঘরে ভাংচুর চালিয়ে নগদ ৩ হাজার টাকা, গলার চেন, গোলার ধান, টিউবওয়েল এবং হাঁস-মুরগি লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। বিথি খানমের মা সালমা সুলতানা মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, প্রতিপক্ষের হামলায় তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে, তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।