মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের কালকাবাড়ি গ্রামের অসুস্থ আব্দুল আজিজের পাশে দাঁড়ালেন বিএনপির নেতা এডভোকেট আমিনুল ইসলাম। সম্প্রতি সংবাদ প্রকাশের পর আব্দুল আজিজের মানবেতর জীবনযাপনের খবর প্রকাশিত হলে এলাকায় বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এডভোকেট আমিনুল ইসলাম অসুস্থ আজিজের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে তাকে একটি হুইলচেয়ারও উপহার দেন।
এ সময় এডভোকেট আমিনুল ইসলাম বলেন, “মানুষের দুঃখ-কষ্টের সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজিজ কাকার চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ রয়েছে এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আফরোজা খান রিতা আপার নির্দেশে আজকে চাচার পাশে দাঁড়িয়েছি।”
সহায়তা পেয়ে আব্দুল আজিজ আবেগপ্রবণ হয়ে বলেন, “আমি গত দশ মাস ধরে ঘরে পড়ে আছি, কোথাও বের হতে পারিনি। আজকে এই হুইলচেয়ার পেয়ে আমি অনেক খুশি। এখন অন্তত বাইরে বের হতে পারব।”
স্থানীয় নেতাকর্মীরা বিএনপি নেতার সঙ্গে উপস্থিত থেকে আজিজের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এলাকাবাসীরাও জানান, দীর্ঘ দশ মাস ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ঘরবন্দি অবস্থায় ছিলেন আব্দুল আজিজ। তাঁকে সহায়তা করায় বিএনপি নেতা এডভোকেট আমিনুল ইসলামকে ধন্যবাদ জানান তারা।
মানিকগঞ্জের দৌলতপুরে অসুস্থ আব্দুল আজিজের হাতে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা তুলে দিচ্ছেন বিএনপি নেতা এডভোকেট আমিনুল ইসলাম। পাশে স্থানীয় নেতাকর্মীরা।