উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটের আবেদনের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের পেকুয়া বাজারের শত বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর নাগরিক দুর্ভোগের সমস্যা নিয়ে আবেদন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কক্সবাজারের পেকুয়া পৌরসভার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজারের (পেকুয়া বাজার) খেলার মাঠের সংস্কার কার্যক্রম শুরু করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম।
এ সময় উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে অবহেলা ও দখলের কারণে ঐতিহ্যবাহী এ মাঠটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। একসময় বিশাল আয়তনের এ মাঠে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। সময়ের ব্যবধানে মাঠের আয়তন সংকুচিত হয়েছে। মাঠের চারপাশে গড়ে উঠেছে পাকা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, মাঠের বড় একটি অংশ দখল করে দোকানঘর ও মার্কেট নির্মাণ করায় খেলাধুলার পরিবেশ নষ্ট হয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন, পেকুয়া বাজারের এই ঐতিহ্যবাহী খেলার মাঠ আমাদের এলাকার শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। একসময় এই মাঠে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। কিন্তু দখল ও অবহেলার কারণে মাঠটি তার স্বাভাবিক পরিবেশ হারিয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম। আমরা চাই, মাঠটি দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। শিশু-কিশোর ও তরুণেরা যেন আবারও এই মাঠে খেলাধুলা করতে পারে, সুস্থ বিনোদনের সুযোগ পায় এবং মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকে। এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সম্পদ নয়, এটি পেকুয়াবাসীর ঐতিহ্য ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, মাঠের জায়গা পরিমাপ করা হবে। মাঠের জায়গায় অবৈধভাবে কেউ জবরদখলে থাকলে শিগগিরই অভিযান পরিচালনা করে দখলমুক্ত করা হবে।