বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ রাসেল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ২ নম্বর বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাইশারী গ্রামের কাপ্তাইশিয়া পাহাড়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া যায়।খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ভুক্তভোগীর মা-বাবাকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের সহায়তায় হলদ্যাশিয়া এলাকায় অভিযুক্তের বাড়ির কাছ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরে তাঁকে মা-বাবাসহ পুলিশি হেফাজতে রাখা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে নির্জন স্থানে নিয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন অভিযুক্ত রাসেল। ঘটনার পর ভুক্তভোগী অভিযুক্তের সঙ্গে তাঁর বাড়িতে যেতে চাইলে কৌশলে তাঁকে বাড়িতে পাঠিয়ে অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে ভুক্তভোগীকে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ২০, তারিখ ১৮ অক্টোবর ২০২৬। একই তারিখে জিআর মামলা নম্বর ১৬৪ হিসেবে নথিভুক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত রাসেলকে তাঁর দোকানের পেছন থেকে আটক করে পুলিশ। তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।