October 30, 2026, 8:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মাওলানা ভাসানীর সংগ্রামী জীবনের নেপথ্যের সঙ্গী আলেমা খাতুন ভাসানী

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর সহধর্মিণী আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) তাঁর জীবন ও কর্ম নিয়ে রচিত ‘আলেমা খাতুন ভাসানী’ গ্রন্থের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর দরবার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, পৃথিবীতে যুগে যুগে যেসব গুণী ব্যক্তির আবির্ভাব ঘটেছে, তাঁদের সাফল্যের পেছনে সহধর্মিণীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মাওলানা ভাসানীর জীবনেও এর ব্যতিক্রম ঘটেনি। আলেমা খাতুন ভাসানীর জীবন ও আদর্শ দেশের নারীদের জন্য শিক্ষণীয়। তাঁর আদর্শ অনুসরণ করে নারীরা নিজেদের কাজের মাধ্যমে সমাজে সম্মানিত হতে পারেন। তিনি আলেমা খাতুন ভাসানীর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাওলানা ভাসানীসহ দেশের অনেক প্রকৃত গুণী ব্যক্তিকে যথাযথ সম্মান দেওয়া হয়নি। বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে মাওলানা ভাসানীসহ দেশের গুণী ব্যক্তিদের যথাযথ মর্যাদা দেওয়ার উদ্যোগ নেবে। প্রধান বক্তা মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, আলেমা খাতুন ভাসানী ছিলেন একজন মহীয়সী নারী। জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও তিনি সাধারণ নারীদের মতো অনাড়ম্বর জীবনযাপন করেছেন। মাওলানা ভাসানীর রাজনৈতিক জীবনের নানা কঠিন সময়ে তিনি তাঁর পাশে থেকে সহযোগিতা করেছেন। কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের আন্দোলনে মাওলানা ভাসানীর সংগ্রামী জীবনে আলেমা খাতুন ভাসানীর অবদান ছিল গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নারী-পুরুষের সম্মিলিত অবদানের ভাবনা তুলে ধরে বলেন, পৃথিবীতে যা কিছু কল্যাণকর ও মহৎ অর্জন, তার পেছনে নারী ও পুরুষ উভয়েরই অবদান রয়েছে। মাওলানা ভাসানীর কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে আলেমা খাতুন ভাসানীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ভাইস-চ্যান্সেলর আরও বলেন, মাওলানা ভাসানীর নামে প্রতিষ্ঠিত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তাঁর নামে প্রতিষ্ঠিত গবেষণাকেন্দ্রকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে তাঁরা কাজ করে যাবেন।

অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু। এ ছাড়া বক্তব্য দেন ভাসানী ছাত্র ফাউন্ডেশনের মাভাবিপ্রবি শাখার সভাপতি শোহানুর রহমান শাওন।অনুষ্ঠানে বইটির লেখক শেখ সায়মন পারভেজ হিমেল সরকারের কাছে দুটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন। প্রথমত, আলেমা খাতুন ভাসানীর জীবনী স্কুল ও কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। দ্বিতীয়ত, মাওলানা ভাসানীর জীবন, দর্শন, রাজনৈতিক চিন্তা ও অবদান নিয়ে গবেষণার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা।

লেখক বলেন, আলেমা খাতুন ভাসানীর জীবন ও অবদান বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হলে নতুন প্রজন্ম তাঁর জীবন, কর্ম ও অবদান সম্পর্কে জানার সুযোগ পাবে। একই সঙ্গে মাওলানা ভাসানীকে নিয়ে তথ্যভিত্তিক গবেষণা, ঐতিহাসিক দলিল সংগ্রহ এবং তাঁর রাজনৈতিক ও সামাজিক দর্শন সংরক্ষণে সরকারি সহযোগিতা প্রয়োজন।

শেখ সায়মন পারভেজ হিমেলের রচিত ‘আলেমা খাতুন ভাসানী’ গ্রন্থটি প্রকাশ করেছে রোদেলা প্রকাশনী। গ্রন্থটির প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে মাওলানা ভাসানী ফাউন্ডেশন। লেখকের দাবি, বাংলাদেশের ইতিহাসে আলেমা খাতুন ভাসানীকে নিয়ে এককভাবে রচিত এটিই প্রথম জীবনীগ্রন্থ।

মাওলানা ভাসানী ফাউন্ডেশনের আয়োজনে এবং মাওলানা ভাসানী ছাত্র ফাউন্ডেশন ও মাভাবিপ্রবি শাখার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা আলেমা খাতুন ভাসানীর জীবন ও অবদান যথাযথভাবে মূল্যায়ন, নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরা এবং মাওলানা ভাসানীর জীবন ও কর্ম নিয়ে গবেষণার ওপর গুরুত্বারোপ করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ