শহীদ আবু সাঈদ ফ্যাসিবাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় তা আমাদের শিখিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন মো. রাশেদ খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, রংপুরে এসেছি এই বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। যে স্থানে দাঁড়িয়ে আবু সাঈদ দুই হাত উঁচু করে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন, সেই সাহস সারাদেশের মানুষকে সাহস জুগিয়েছে। গণঅভ্যুত্থানের বীজ রংপুর থেকেই বপন করেছিলেন বীর শহীদ আবু সাঈদ।
তিনি আরও বলেন, আবু সাঈদ আমাদের শিখিয়ে গেছেন কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। তার সেই দৃশ্য দেশের মানুষকে নাড়া দিয়েছিল এবং দেশের জন্য বুক চিতিয়ে লড়াই করার সাহস জুগিয়েছিল।
আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রংপুরবাসী ও স্থানীয় প্রশাসনকে আবু সাঈদের পরিবারের পাশে থাকতে হবে। এ দেশ যতদিন থাকবে, আবু সাঈদের নাম দেশের ইতিহাসে লেখা থাকবে।’

এ সময় আবু সাঈদের আন্দোলনের সময়কার ফুটেজ ধারণ ও প্রকাশ করায় সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, সবশেষে প্রিয় সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাই। যারা পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে সেই ফুটেজ সংগ্রহ করেছিলেন এবং প্রকাশ করেছিলেন। এই একটি দৃশ্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম ভূমিকা রেখেছিল।
এ সময় উপস্থিত ছিলেন- প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন, ছাত্রদল সাবেক আহ্বায়ক আল আমিন ইসলামসহ অন্যরা।
এর আগে সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি জানান, আগামী দুই বছরের মধ্যে রংপুর মেডিকেলকে সিন্ডিকেটমুক্ত ও আধুনিকায়ন করা হবে।