জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের রায় মেনে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এলডিপির চেয়ারম্যান বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশে প্রসিদ্ধ হয়েছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছেও প্রসিদ্ধ হওয়ার একটি সুযোগ রয়েছে। আপনি জুলাই সনদ বাস্তবায়ন করে জাতীর কাছে প্রসিদ্ধ হতে পারেন। জনগণের রায়ের বিপক্ষে হাঁটবেন না। জুলাই সনদ বাস্তবায়ন করে জনগণের রায় মেনে নিন।’
তিনি আরও বলেন, ‘আপনারা যদি জুলাই সনদ না বোঝেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর নিয়ে জুলাই সনদ বুঝে নেন। তাও যদি না পারেন, তাহলে আমার ঘরে আসেন, আমি বুঝিয়ে দেব। কিন্তু জুলাই সনদে আপনারা যেহেতু স্বাক্ষর করেছেন, এটি আপনাদের বাস্তবায়ন করতেই হবে।’