মোংলায় শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
সৈয়দ জালিস মাহমুদ
বাগেরহাট প্রতিনিধি।
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এবং এফসিডিও (FCDO)-এর আর্থিক সহায়তায় এ সংলাপের আয়োজন করা হয়।
০৫ মার্চ ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে মোংলা অফিসার্স ক্লাবের সভাকক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শারমিন আক্তার সুমী। পিএফজি’র উপজেলা সমন্বয়কারী এস. কে. সাকির হোসেনের সভাপতিত্বে এবং এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস. এম. রাজু জবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এস. এম. মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু হোসেন হাওলাদার (পনি), পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান।
সংলাপে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, জামায়াতে ইসলামী বাংলাদেশ পৌর শাখার নায়েবে আমীর মরিরুজ্জামান, ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, ইসলামী আন্দোলনের ওলামায়ে কেরাম পরিষদের সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি দুলালী বিশ্বাস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মোংলা উপজেলা শাখার সদস্য সচিব এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর মোংলা উপজেলার কো-অর্ডিনেটর মো. নাসির মোসাল্লীসহ উপজেলার বিভিন্ন মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম এবং চার্চের পাদ্রিগণ।
সংলাপে বক্তারা বলেন, “ধর্ম, মত ও পরিচয়ের ভিন্নতায় আমরা বিভক্ত নই; বরং সম্প্রীতিই আমাদের শক্তি।” তাঁরা আরও উল্লেখ করেন, ধর্মীয় ও জাতিগত সহিংসতা প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা শান্তি প্রতিষ্ঠা, সহিংসতা প্রতিরোধ, উগ্রবাদ ও জঙ্গিবাদমুক্ত এবং মর্যাদাপূর্ণ, নিরাপদ ও বৈচিত্র্যময় মোংলা গড়ে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি শেষ হয় এই প্রত্যাশায়—“শান্তির পথেই এগিয়ে যাবে মোংলা; সম্প্রীতির আলোয় আলোকিত হবে সমগ্র বাংলাদেশ।”
উক্ত সংলাপের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।