
শূন্য রিটার্ন-ট্যাক্স দিলে ৫ বছরের দণ্ড, তাহলে কি আপনারা ভয় দেখিয়ে ট্যাক্স আদায় করবেন— এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা কোনোভাবেই করদাতাদের ভয় দেখাতে চাই না। আমরা নতুন কোনো আইনও করিনি। আমরা একটা জিনিস দেখলাম বিভিন্ন জায়গায় বসে, দোকানে ও সোশ্যাল মিডিয়ায় শেখানো হচ্ছে কীভাবে শূন্য রিটার্ন দেওয়া যায়। এটা কিন্তু বিপজ্জনক। সেই কথাটাই আমরা বলতে চেয়েছি। যখন আপনাদের ফাইলটা অডিটে পড়বে তখন আপনারা কোনো জবাব দিতে পারবেন না৷ কেননা সব তথ্যই মিথ্যা দেওয়া হয়েছে।
তিনি বলেন, অসত্য তথ্য যদি দেওয়া হয় সেটা শাস্তিযোগ্য অপরাধ। সেই বিষয়টাই আমরা মনে করিয়ে দিয়েছি। আমরা বরং ট্যাক্স পেয়ারদের সুবিধার্থে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা আরও যুগোপযোগী করার জন্য কাজ করে যাচ্ছি। প্রতিদিন ১০ থেকে ২০ হাজার লোক অনলাইনে ট্যাক্স দিচ্ছেন। এটা আসলে সচেতনতা তৈরি করার একটা অংশ। নিশ্চয়ই এর মধ্যে কোনো ভয়ভীতির কিছু নেই। মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য এটা করা হয়েছে। মানুষ যদি এটা না জানে তাহলেতো সে বিপদে পড়বে।
তিনি আরও বলেন, আমাদের এই রেভিনিউ বিভাগ নিয়েই এগোতে হবে। তাদেরকে মোটিভেট করেই আমাদের রাজস্ব আদায় করতে হবে। সরকারও চায় না আমাদের এই রিসোর্সগুলো ত্যাগ করি। সরকার এ বিষয়ে যথেষ্ট সচেতন। হাজার-হাজার মানুষ আন্দোলন করেছে, শুধুমাত্র যা একদম ছোট বিষয়ে তাদের সহকর্মীর আদেশ মিডিয়ার সামনে ছিঁড়ে ফেলেছে, শুধু তাদের ক্ষেত্রেই আমরা ব্যবস্থা নিয়েছি।