জুলাই জাতীয় সনদ সংক্রান্ত গণভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রচারণা নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেখানে সরকার গণভোটে ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষ নিয়েছে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে তাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে। মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজ হচ্ছে গণভোট। যাতে এদেশে অপশাসন অথবা স্বৈরাচার ফিরে না আসে কিংবা শেখ হাসিনার মতো শাহি দৈত্য-দানব না হয় সেজন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুরস্থ হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.) এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ ভালোভাবে ভোট দিতে না পারলেও এবার মানুষ ভোট দিতে পারবে। এ সরকার তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে তাদের কোনো পক্ষপাতিত্ব নেই।


এ সময় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রেস সচিব।
তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিং কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন। পাশাপাশি নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর প্রস্তুতিসহ পোস্টাল ব্যালটের কাজও সম্পন্ন হয়েছে। এখন বলা যেতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষামাত্র।
পরে তিনি মাজার কম্পাউন্ডে একটি বৃক্ষ রোপন করেন।
এ সময় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাজমুস সাকিব), সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ওসি জাবেদ উল আলম,
মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু, মাজার কমিটির সদস্য কাজী শরীফ খাদেম, রুস্তম কামরান খাদেম, মোজাম্মেল হক খাদেম, দুলাল খাদেম, ইয়াসিন খাদেম, কাজী রুপম খাদেম, সোহেল খান খাদেম, আল কাবার খাদেম প্রমুখ।
এছাড়াও প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।