বাগেরহাটে ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাটে সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, নারীর ক্ষমতায়ন, বৈষম্য দূরীকরণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় এবং উদয়ন-বাংলাদেশ ও উই ক্যান-এর বাস্তবায়নে নাগরিক প্রকল্পের আওতায় পৃথকভাবে এ সভার আয়োজন করা হয়। শনিবার(৩১ অক্টোবর) সকাল ১১টায় কাড়াপাড়া ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির। অন্যদিকে বৃহস্পতিবার(২৯ অক্টোবর) সকাল ১১টায় উদয়ন-বাংলাদেশের হলরুমে ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম। সভায় বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, পূর্ববর্তী সিদ্ধান্তের অগ্রগতি, নাগরিক কমিটির কার্যক্রম জোরদার, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবায় প্রান্তিক মানুষের প্রবেশাধিকার নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা, সরকারি সেবায় বৈষম্য দূরীকরণ এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ৫ ও ১৬ বাস্তবায়নের লক্ষ্যে নারী-পুরুষের সমঅধিকার, ন্যায়বিচার, শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং শক্তিশালী ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় নাগরিক কমিটির সদস্যরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। পাশাপাশি সমস্যা সমাধানে ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট সরকারি দপ্তর এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। সভায় প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও নাগরিক কমিটির কার্যক্রম অব্যাহত রাখতে সদস্যদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণ, নিয়মিত সভা, সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় পর্যায়ে অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।