September 25, 2026, 6:13 pm

পেকুয়ায় গাড়িচাপায় শিশু মৃত্যু

মো. আজিজুল হক, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বছরের শিশু মো. তামিমের মৃত্যু হয়েছে। ক্ষতিপূরণ বাবদ দেওয়া ৩০ হাজার টাকা ফিরিয়ে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তার বাবা মানিক।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টাকাগুলো ফেরত প্রদান করা হয়।

গত ২১ সেপ্টেম্বর দুপুরে পেকুয়া উপজেলার মগনামা সাবমেরিন ঘাঁটি সড়কের চেপ্টাখালী এলাকায় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় গুরুতর আহত হয় শিশু তামিম। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা গাড়িটি আটক করে মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা দেন।

পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে টমটম মালিক পক্ষ মগনামা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরীর কাছে ৩০ হাজার টাকা জমা দেয়। চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা টাকাটি গ্রহণের অনুরোধ জানালেও তা নিতে অস্বীকৃতি জানান নিহতের বাবা মানিক। পরে টাকাগুলো মালিক পক্ষকে ফেরত দেওয়া হয়।

বাষ্পরুদ্ধ কণ্ঠে নিহতের পিতা মানিক বলেন, কোটি টাকা দিলেও ছেলেকে আর ফেরত পাওয়া যাবে না। এই টাকা নিলে মৃত ছেলের আত্মা ও নিজের বিবেকের কাছে ছোট হয়ে থাকতে হবে। বিবেকের কাছে পরিষ্কার থাকতেই তিনি টাকাটি ফেরত দিয়েছেন বলে জানান।

এ বিষয়ে মগনামা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস চৌধুরী বলেন, সন্তান হারানোর বেদনা কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়। মানিকের এই সিদ্ধান্ত তাদের এক গভীর মানবিক শিক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে। তার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মালিক পক্ষকে টাকা ফেরত দেওয়া হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ