বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী ভ্যানকে ট্রাকের ধাক্কায় সিক্ত খাতুন (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক ও অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের বাহিরদিয়া জামরুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিক্ত খাতুন উপজেলার আট্টাকা গ্রামের মৃত কালাম শেখের মেয়ে। আহতরা হলেন ভ্যানচালক শাহাদাৎ হোসেন (৫৫) এবং যাত্রী শাহেব আলী (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছোটবাহিরদিয়া জোড়াকবর এলাকা থেকে ফকিরহাট বাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী ভ্যানটি। পথে জামরুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রূপসাগামী একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিক্ত খাতুন মারা যান।
আহত দুজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ট্রাকটি বাহিরদিয়া ক্যাম্প পুলিশ আটক করেছে। এ সময় ট্রাকচালক ও তার সহযোগীকেও আটক করেছে পুলিশ।