September 26, 2026, 2:20 pm

মূলঘর স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটি অনুমোদন

সৈয়দ জালিস মাহমুদ

মূলঘর স্পোর্টিং ক্লাবের নবগঠিত কমিটি অনুমোদন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী মূলঘর স্পোর্টিং ক্লাবের নবগঠিত পরিচালনা কমিটি অনুমোদন পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত এ কমিটির মেয়াদ ১ আগস্ট ২০২৬ থেকে ৩১ জুলাই ২০২৮ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক অনুমোদিত মূলঘর স্পোর্টিং ক্লাবের (রেজিস্ট্রেশন নম্বর: বাগ-৮৯৩/১০) নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ ইফতেখার আহমেদ পলাশ। সভাপতি নির্বাচিত হয়েছেন মুহম্মদ ইমরান হোসেন তুহিন। সাধারণ সম্পাদক আতাউর রহমান ইকবাল, সাংগঠনিক সম্পাদক সাবিতুল ইসলাম সাগর এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শীর্ষেন্দু দাস।

এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন রওনাকুল ইসলাম সোহাগ, অলিউর রহমান শিপলু, সৈয়দ মেহতাব রতন, উজ্জল চক্রবর্তী ও সিকদার রিফাজ আহমেদ।

জানা যায়, ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত বর্তমান মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নেই মূলঘর স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু হয়। ঐতিহ্যবাহী মূলঘর গ্রামে তৎকালীন সময়ে ৭টি জমিদার পরিবারের বসবাস ছিল। শিক্ষা, সংস্কৃতি ও আধুনিক সভ্যতার চর্চার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও এ অঞ্চলটি দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে মূলঘর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে আসছেন। পাকিস্তান আমল থেকেই এ ক্লাবের খেলোয়াড়েরা ক্রীড়াক্ষেত্রে এলাকার সুনাম ও সম্মান বৃদ্ধি করে আসছেন।

এই ধারাবাহিকতায় মূলঘর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক খান আব্দুর রাজ্জাক, জাতীয় ফুটবল দলের গোলরক্ষক জিয়াউর রহমান জিয়া, জাতীয় অ্যাথলেট মঞ্জুরুল ইসলাম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচিত রেফারি সরদার মিরাজুল ইসলামসহ অনেকে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন।

ক্রীড়াঙ্গনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমেও ক্লাবটি দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। নিয়মিতভাবে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ফুটবল ও ক্রিকেট ম্যাচ এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে আসছে মূলঘর স্পোর্টিং ক্লাব।

এ ছাড়া ক্ষুদে খেলোয়াড়দের ক্রীড়া দক্ষতা ও খেলার মানোন্নয়নে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে ক্লাবটি। এর মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রশিক্ষিত করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও মূলঘর স্পোর্টিং ক্লাবের রয়েছে নিজস্ব ইন্ডোর ব্যাডমিন্টন স্পেস,সারা বছর ব্যাডমিন্টন প্লেয়ারদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।

নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা শেখ ইফতেখার আহমেদ পলাশ বলেন, মূলঘর স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম ধরে রেখে ক্রীড়া, শিক্ষা, সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে নতুন কমিটি কাজ করবে। এ কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ