বান্দরবানের আলীকদম উপজেলার আলীর বাজার ও নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে গভীর রাতে ব্রিজের নিচে ও দোকানের সামনে ইয়াবা সেবনের সময় চারজনকে আটক করেছে পুলিশ। পরে মোবাইল কোর্টে তাদের তিন মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টা ২০ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলার আলীর বাজার ও নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ সাজা দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম। এ সময় আলীকদম থানার মোবাইল-৬১ ও পেট্রোল-৬১ দলের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সহযোগিতা ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথমে উপজেলার ১ নম্বর আলীকদম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলীর বাজার এলাকার আলীর গুহা সংলগ্ন ব্রিজের নিচে অভিযান চালানো হয়। পরে ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ায় নুরুচ্ছফার দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইয়াবা সেবনের অপরাধী ব্যাক্তিরা হলেন সাইফুল (১৮), আব্দুস ছামাদ (৩৬), মোহাম্মদ ইলিয়াছ বাবু (২১) ও ইয়াছিনকে (২৪) আটক করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টে তাদের দণ্ড দেওয়া হয়। সাইফুল ও আব্দুস ছামাদকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড, মোহাম্মদ ইলিয়াছ বাবুকে এক বছর এবং ইয়াছিনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাইফুল কক্সবাজার জেলার পূর্ব ঘোনাপাড়ার মনজুল আলমের ছেলে। বর্তমানে তিনি আলীকদমের ২ নম্বর ওয়ার্ডের মংচাপাড়ায় বসবাস করেন। আব্দুস ছামাদ আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মংচাপাড়ার আব্দুর রহমানের ছেলে। মোহাম্মদ ইলিয়াছ বাবু ও ইয়াছিন আলীকদম সদর ইউনিয়নের দক্ষিণ-পূর্ব পালংপাড়ার বাসিন্দা। ইলিয়াছ বাবুর বাবার নাম মফিজুল ইসলাম এবং ইয়াছিনের বাবার নাম ছিদ্দিকুর রহমান। অভিযানকালে চারজনের কাছ থেকে মোট পাঁচটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, মাদকবিরোধী অভিযানে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ সহযোগিতা করেছে। অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তিনি বলেন, সাজা দেওয়ার পর ম্যাজিস্ট্রেট দণ্ডপ্রাপ্তদের পুলিশ হেফাজতে দেন। পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাদের বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে। আলীকদমে মাদকবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
আদালতের আদেশের পর শুক্রবার সকাল ৭টার দিকে দণ্ডপ্রাপ্ত চারজনকে পুলিশ স্কটের মাধ্যমে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আলীকদম উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাদক’সহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।