September 25, 2026, 4:47 pm

চলে গেলেন প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস

মো. আল মামুন, স্টাফ রির্পোটার

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক, দৈনিক সংবাদের বার্তা পরিবেশক ও প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক মেয়ে, নাতি-নাতনি, ভাই, ভাতিজা-ভাতিজি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রবীণ এই সাংবাদিক এক মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন। এর আগে গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হলে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বেশ কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর কিছুটা সুস্থ হলে তাকে বাসায় আনা হয়। বাসায় ১ মাস ৮ দিন শয্যাশায়ী থাকার পর আজ ভোরে তিনি না ফেরার দেশে চলে যান।

মরহুমের জানাযা আজ শুক্রবার বাদ জুমা পৌর মালশাপাড়া কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মালশাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

সিরাজগঞ্জের সাংবাদিকতায় আব্দুল কুদ্দুসের অবদান অতুলনীয়। তিনি দীর্ঘদিন দেশের জনপ্রিয় গণমাধ্যম দৈনিক সংবাদের বার্তা পরিবেশক হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জেলাবাসীর আস্থা অর্জন করেছিলেন।

তিনি দীর্ঘদিন সাংবাদিকদের প্রাণের সংগঠন সিরাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্ব দিয়েছেন এবং সাংবাদিকদের অধিকার আদায়ে সামনে থেকে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জ একজন দক্ষ, মেধাবী ও সৎ সাংবাদিককে হারালো।

এদিকে প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ