‘গণভোটের রায় ও জুলাই সনদ’ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে বাগেরহাটের কচুয়ায় বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই (শনিবার) বিকাল ৪টায় কচুয়া উপজেলা গেট থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
১১ দলীয় ঐক্য কচুয়া উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা জামায়াতের আমির মো: রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ)।

বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে প্রধান অতিথি শেখ মনজুরুল হক বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জুলাই সনদের প্রতিফলন ঘটান, তাহলেই আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।
অন্যথায়, গণভোটের রায়কে উপেক্ষা বা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে সারা বাংলাদেশে আবারও গণঅভ্যুত্থান হওয়ার সম্ভাবনা রয়েছে।”
তিনি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে দেশ পরিচালনা করার সুযোগ নেই।
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নই এখন সময়ের দাবি।
উপজেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা বিভাগের সহযোগিতায় আয়োজিত এই পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের সাবেক আমির ও জেলা জামায়াতের সূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সেক্রেটারি শহিদুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।