বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বগুড়ার রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের আবহ তৈরি হয়।
খবরটি জানার পরপরই বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হন। সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া মাহফিল এবং শোকসভা আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
জেলা বিএনপির নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য নেত্রী। তাঁর মৃত্যুতে জাতি একজন প্রবীণ ও অভিজ্ঞ রাষ্ট্রনেত্রীকে হারাল। তাঁরা তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে বগুড়া শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকেও শোক প্রকাশ করতে দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা পোস্ট করছেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে নানা শ্রেণি-পেশার মানুষ এই মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়াসহ সারা দেশে দলীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী কয়েক দিন শোক পালন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।