মোল্লাহাটে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী রাহাদের মতবিনিময়, স্বাস্থ্য–শিক্ষা ও কর্মসংস্থান হবে উন্নয়নের প্রধান অঙ্গীকার।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের আস্থা অর্জন ও উন্নয়নের রূপরেখা তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য, জেলা যুব বিভাগের সভাপতি এবং বাগেরহাট–১ (সদর–চিতলমারী–মোল্লাহাট) আসনে দলীয় প্রার্থী মনজুরুল হক রাহাদ।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় মোল্লাহাট উপজেলা মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় গণমাধ্যমকর্মী ও দলীয় নেতাকর্মীরা।
সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাহাদ বলেন, “আমার রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ। বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানে বাস্তবসম্মত উদ্যোগ নিয়ে জনগণের জীবনমান উন্নত করতে চাই।”
তিনি আরও বলেন,
“জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল। আমরা চাই সমাজে ন্যায়, স্বচ্ছতা ও সমান সুযোগের পরিবেশ গড়ে উঠুক। রাজনীতি হবে মানুষের সেবার মাধ্যম, ক্ষমতার নয়।”
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাহাদ বলেন, যুবসমাজকে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে, কারণ “যুবকরাই দেশের প্রকৃত সম্পদ।”
সভায় সাংবাদিকরা উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সমস্যা নিয়ে নানা প্রশ্ন তুললে রাহাদ তার পরিকল্পনা ও
দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন,
“আমি চাই জনগণের প্রতিনিধি হয়ে তাদের প্রত্যাশা ও সম্ভাবনার সেতুবন্ধন তৈরি করতে।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েতুল্লাহ, সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, কর্মপরিষদ সদস্য হাফেজ মোকারম মিয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সম্পাদক রবিউল আলম, পৌর যুব বিভাগের সেক্রেটারি শাহজাদা হাশেমী প্রমুখ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম।
সভা শেষে রাহাদ সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন,
“আপনারা সমাজের চোখ ও কণ্ঠস্বর। আপনাদের ইতিবাচক ভূমিকা আমাদেরকে একটি সুশৃঙ্খল, ন্যায়নিষ্ঠ ও উন্নত সমাজ গঠনে অনুপ্রেরণা যোগাবে।”