গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গাছের মালিক মন্মথ সরকার। ঘটনাটি ঘটেছে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মন্মথ সরকার একই বাড়ির বিনয় সরকার ও বিশ্বজিত সরকারকে বিবাদী করে কোটালীপাড়া থানায় অভিযোগটি দায়ের করেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সকালে অভিযুক্তরা মন্মথ সরকারের জায়গায় রোপণ করা দুটি আমগাছ জোরপূর্বক কেটে ফেলেন। এ সময় মন্মথ সরকারের পুত্রবধূ ববিতা সরকার তাদের বাধা দিলে তাকে মারধর করে শারীরিকভাবে আহত করার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও বিবাদী পক্ষ তাতে রাজি হয়নি। এতে ভবিষ্যতে আরও গোলযোগ এবং খুন-জখমের মতো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে অভিযোগকারী উল্লেখ করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্তের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।
কোটালীপাড়া থানার এএসআই রাকিব বলেন, “ঘটনাটি আমরা সরেজমিনে তদন্ত করেছি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা চলছে। আপস-মীমাংসা না হলে তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”