বাগেরহাট শহরের পুরাতন লঞ্চঘাট এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন নিয়াজ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মার্কেটের অন্তত ১০টি দোকান ও একটি ক্লিনিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, গভীর রাতে মার্কেট বন্ধ থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।
উপ-সহকারী পরিচালক মোহাম্মদ বজলুর রশিদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অগ্নিনির্বাপন কার্যক্রম পরিচালিত হয়।