আলফাডাঙ্গায় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জনগণের ক্ষমা চাইলেন সাবেক সাংসদ শাহ্ মোঃ আবু জাফর।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলফাডাঙ্গায় জাতীয় ঐক্য ফ্রন্টের ফরিদপুর -১ আসনের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আবু জাফর সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারী) বিকাল ৪টায় আলফাডাঙ্গা কফি হাউজে আলফাডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় কালে
শাহ্ মোঃ আবু জাফর তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন আমি রাজনিতী করেছি সবসময়ই এ অঞ্চলের উন্নয়নের জন্য। বিভিন্ন সময় নানা প্রতিকূলতার কারণে আমাকে দল পরিবর্তন করতে হয়েছে, তবে আমার দ্বারা কখনো কারো ক্ষতি হয়নি। আমি যতবার সংসদ সদস্য হয়েছি, ততবারই এলাকার উন্নয়নে কাজ করেছি। অনেককে চাকরি দিয়েছি কিন্তু বিনিময়ে কারো কাছ থেকে কোনো টাকা নেইনি এবং কারো নামে মিথ্যা মামলাও দেইনি। তিনি আরও বলেন, এবার জাতীয় ঐক্য ফ্রন্টের হয়ে নির্বাচন করছি, আমার নির্বাচনী প্রতীক সাইকেল। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আগামী নির্বাচন কেমন হবে বলে মনে করেন এমন প্রশ্নের জবাবে সাবেক ৪ বারের এ সাংসদ শাহ্ জাফর বলেন, নির্বাচন কমিশনের কথা অনুযায়ী নির্বাচন সুষ্ঠ হবে। তবে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম যেভাবে হুমকি দিয়ে বলেছে “সাতৈর থেকে ভোট কাটা শুরু করে মধুখালি পর্যন্ত কেটে নেবো।” এতে কিছুটা শঙ্কা থেকেই যায়। তিনি আরো বলেন, অতীতে আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে ভুল করেছে। একইভাবে এবার যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হয়, তাহলে ভবিষ্যতে ক্ষমতায় আসা সরকারও একই পরিণতির মুখে পড়তে পারে। আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তারাতো দেশ ছেড়েছে।
এর বাইরে যারা দল করে তাদের সুযোগ দেওয়া উচিত ছিলো। সর্বশেষ তিনি বাই সাইকেল প্রতীকে ভোট চেয়ে সাংবাদিকদের মাধ্যমে জনগনের কাছে অতীতে কোনো ভুল করে থাকলে তার জন্য ক্ষমা চান।