ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এডিস মশার লার্ভা ধ্বংসে অভিযান পরিচালনা করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। এসময় বিভিন্ন গর্ত, নালা-নর্দমা ও জমে থাকা পানিতে লার্ভিসাইড ওষুধ ছিটানো হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফলতিতা বটতলা বাজারের মৎস্য আড়ৎ এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতে ডেঙ্গুর ভয়াবহতা ও প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
পরে ফলতিতা মৎস্য আড়ৎ এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা ধ্বংসের জন্য লার্ভিসাইড ওষুধ স্প্রে করা হয়।
আয়োজকরা জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশার বংশবিস্তারের সুযোগ তৈরি হয়। তাই ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী মঈন উদ্দিন মেরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সচেতনতামূলক সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ ও মোড়ল কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন মূলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মাসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক খান আরিফুজ্জামান পিন্টু, সাংগঠনিক সম্পাদক সুব্রত গোলদার শুভ, বিএনপি নেতা মোড়ল সাইফুল ইসলাম ও মো. কামরুজ্জামান কাম।
এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা বাধন, ছাত্রদল নেতা সাবিতুল ইসলাম সাগর, মো. সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লার্ভা নিধন কার্যক্রমে স্বেচ্ছাসেবক দলের ওবাইদুল্লাহ, হাসান, জাওয়াদ, সৈয়দ শাহান ও লাভলু সর্দারসহ নেতৃবৃন্দ সহযোগিতা করেন। এসময় সিরাজুল ইসলাম ও সুজাত সরদার বিভিন্ন গর্ত, নালা-নর্দমা ও জমে থাকা পানিতে লার্ভিসাইড ওষুধ স্প্রে করেন।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো নয়, মশার প্রজননস্থল ধ্বংস এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাও জরুরি। এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তারা।