শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
বাগেরহাটের ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি শেখ ইফতেখার আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আবুহেনা মোঃ রফিকুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, “এইচএসসি হলো একজন শিক্ষার্থীর জীবনে সফলতার প্রধান পথচলার একটি গুরুত্বপূর্ণ সোপান। এই শ্রেণিতে ভালো ফলাফলের মাধ্যমে ভালো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়। পরবর্তী সময়ে কেউ প্রশাসনিক কর্মকর্তা, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার হয়ে নিজের জীবন গড়ার পাশাপাশি দেশ গড়ার কারিগর হওয়া সম্ভব।”
সভাপতির বক্তব্যে শেখ ইফতেখার আহমেদ পলাশ বলেন, রাজনৈতিক মতাদর্শের কারণে বাগেরহাট জেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি মহাবিদ্যালয় সরকারি করা সম্ভব হয়নি। তিনি কলেজটি সরকারি করার বিষয়ে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।
কলেজের অধ্যক্ষ আবুহেনা মোঃ রফিকুজ্জামান নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাজীবনে একনিষ্ঠভাবে পড়াশোনার পাশাপাশি সততা ও আদর্শের জীবন গড়ার চেষ্টা করতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মোঃ সাইদুর রহমান, প্রভাষক দাউদ আলী ও সহকারী অধ্যাপক মোঃ সেকেন্দার আলী।
অভিভাবক হিসাবে বক্তব্য দেন সেখ সালাউদ্দিন লিঠু,
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জ্যোতি ও রাব্বি।
অনুষ্ঠানের একপর্যায়ে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় কলেজের শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থী, ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।