সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) উপজেলার কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ ক্যাম্পে মোট ১১৩ জন রোগীকে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রাথমিক ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁদের মধ্যে ৩০ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশীষ কুমার মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মো. আবু রায়হান মল্লিক ও মোহাম্মদ ইমদাদুল হক, ফাউন্ডেশনের সভাপতি মো. রাজু আহমেদ, সদস্য মো. মাস্টার এনামুল হক এবং গাবুরা ইউনিটের সুপারভাইজার মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. সিকান্দার হোসেন। চক্ষু ক্যাম্প পরিচালনা করেন সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতালের কনসালট্যান্ট ডা. মনিরুজ্জামান (এমবিবিএস, ডিও)।

বক্তারা বলেন, উপকূলীয় এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান একটি মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে আর্থিক সংকটের কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অনেক মানুষ উপকৃত হবেন।
সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।