কুমুদিনী কমপ্লেক্স একটি আলাদা জায়গা।এখানে যা দেখলাম,তা এক ইতিহাস।শুনেছি,এটি তৃতীয় প্রজন্মের হাতে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
মঙ্গলবার, ২০ অক্টোবর সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়াখ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ির দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,তাঁরা এত কিছু খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছেন।হাসপাতালটিও অনেক বড়।সবাই ধর্মের কথা বলেন,কিন্তু মানবসেবাই আসল ধর্ম।এখানে এসে আমি খুবই আনন্দিত হয়েছি।
এ সময় তিস্তা চুক্তি নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান।
এর আগে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কর্তৃপক্ষ দীনেশ ত্রিবেদীকে স্বাগত জানায়। তিনি কুমুদিনী লাইব্রেরি পরিদর্শন করেন।পরে সন্ধ্যা ৬টার দিকে কুমুদিনী কমপ্লেক্স থেকে বেরিয়ে বজরায় নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজামণ্ডপে যান তিনি।এ সময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।