বাংলাদেশ ও ভারতের দুর্গোৎসবের উদযাপন অনেকটা একই রকম এবং আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে অনেক মিল রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর গ্রামে অবস্থিত দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির (সাহেব বাড়ি)পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি উল্লেখ করেন,গত বছরও তিনি এখানে এসেছিলেন,এ বছরও মির্জাপুরে এসে মা দুর্গার আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন,ভারতের ভিসা প্রাপ্তির বিষয়ে বাংলাদেশিদের জন্য ভারত সরকার জোড়ালো ভাবে প্রচেষ্টা চালাচ্ছে ও সরকার আমাদের আশ্বস্ত করেছে।কিন্তু কিছু মানুষ অভিযোগ করেন যে,ভিসা পেতে সমস্যা হচ্ছে। মূলত সমস্যা হলো স্লটের অভাব,কারণ কিছু অসাধু এজেন্ট বিভিন্ন এজেন্ডা নিয়ে আগে থেকেই স্লট ব্লক করে রাখে। এর ফলে সাধারণ নাগরিকরা ভিসা স্লট পেতে বঞ্চিত হন এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে এজেন্টদের শরণাপন্ন হন। গত কয়েক মাসে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং অনেক মানুষ কোনো এজেন্টের সাহায্য ছাড়াই নিজে নিজে আবেদন করে ভিসা পাচ্ছেন।
এজেন্সিগুলোর এই স্লট ব্লক করার বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন প্রশ্নে তিনি জানান, এজেন্সিগুলো বড় সার্ভার এবং হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করে নিজেদের মতো করে স্লটগুলো ব্লক করে এবং পরে সাধারণ মানুষের কাছে বিক্রি করে। তবে আমরা ওয়েবসাইটে কিছু পরিবর্তন এনেছি এবং মানুষ যাতে সরাসরি নিজেদের ভিসা পেতে পারেন, সেজন্য আমরা আরও উন্নতির চেষ্টা চালিয়ে যাচ্ছি।