টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে,শনিবার বিকেল প্রায় ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার জামুর্কী এলাকায়।যাত্রীবাহী বাস,পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এই দুজন নিহত হয়েছেন।
নিহত ২ ব্যক্তি হলেন,টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮)ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের হেলপার আব্দুল রহিম(৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল।এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।পরে মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপকেও ধাক্কা দেয় বাসটি।এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের হেলপার আব্দুল রহিম ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান সাংবাদিকদের বলেন,বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।আইনিপ্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।