রাজবাড়ীর পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশসহ অন্যান্য ইলিশ শিকার করায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনকে কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ ২২ হাজার মিটার জাল ধ্বংস ও ৩৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
বুধবার বেলা ৩ টা হতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ৩ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান চলে।
জেলা মৎস্য অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, গত ৮ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে সারাদেশে ইলিশ নিধনে নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশ নিধন বন্ধে বুধবার বেলা ৩ টা থেকে বৃহস্পতিবার বেলা ৩ পর্যন্ত গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধির সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুতাসির হাসান খান।
মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩ জনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া ১ লাখ ২২ হাজার মিটার জাল ধ্বংস ও ৩৭ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, নিষেধাজ্ঞায় ইলিশ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে নিষেধাজ্ঞার শেষ সময় পর্যন্ত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।